রাকসু নির্বাচনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ২১ শতাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত মোট ২১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা ভোট নিয়ে অত্যন্ত প্রফুল্ল। ইতোমধ্যে ২১ শতাংশ ভোট পড়েছে।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, এ নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। রাকসু ও হল সংসদ নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৮৬০ জন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে এবং ১৭টি আবাসিক হল সংসদের বিভিন্ন পদের জন্য শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
এ ছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৮ জন প্রার্থী।
আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।