রাকসু নির্বাচন: ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৯ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রীদের ছয়টি হলে ৩৬ জন এবং ছাত্রদের এক হলে তিনজন রয়েছেন। তবে ছাত্রীদের চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় পদগুলো শূন্য থাকছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন রয়েছেন।

অন্যদিকে, বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে একজনও মনোনয়নপত্র তোলেননি। একইভাবে রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কোনো প্রার্থী না থাকায় ওই চারটি পদ শূন্য থাকবে।

এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ পরিচালিত হবে। অন্য কোনোভাবে পদগুলো পূরণ করার সুযোগ নেই।

রাকসু, সিনেটের ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১৭টি হলে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন লড়ছেন। এর মধ্যে ছাত্রীদের ছয়টি হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

All Categories