পশ্চিম ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র

পশ্চিম ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সামরিক সূত্রের মতে, দেশটির বিভিন্ন ফ্রন্টে দুই পক্ষের মধ্যে লড়াইয়ের পাশাপাশি বিমান হামলাও চলছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

পূর্ব আল-বালায় তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, হুথিরা সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায়, তবে সরকারি বাহিনীর সদস্যরা হামলাটি প্রতিহত করতে সক্ষম হন।

সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব পর্বতমালার দিকে অগ্রসর হতে চায় হুথিরা। যদি তারা বাব আল-মান্দেব প্রণালির ওপর নজরদারির সুযোগ থাকা এই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তবে তা তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে। এর আগে, তারা প্রণালির মাঝখানে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ ও মোকা শহরের দক্ষিণে ধুবাব জেলা দখল করে নেয়।

এদিকে, তাইজের দক্ষিণাঞ্চল বর্তমানে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফ্রন্ট হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে সরকারি বাহিনী হুথিদের বড় ধরনের হামলা প্রতিহত করেছে। সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাইজ ও লাহজ গভর্নরেটের গ্রামাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে।

জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতের নতুন দফা শুরুর পর থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাতের বিস্তার মানবিক পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা সৃষ্টি করেছে।

All Categories