প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন গান পরিবেশনের উদ্দেশ্যে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘রুল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন তিনি।
এই কনসার্টের আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আল শাহরিয়ার সম্রাট প্রথম আলোকে বলেন, আমরা সব সময়ই একটু আলাদা ও এক্সক্লুসিভ আয়োজনের চেষ্টা করি। শুরু থেকে এখন পর্যন্ত আমরা প্রায় ৪৫টি শো করেছি। এবারের আয়োজনটিও আমাদের কিছু আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষভাবে সাজানো।
১১ এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠেয় এই কনসার্টে আইমা বেগ জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আইমা বেগ পাকিস্তানি চলচ্চিত্র লাহোর সে আগে–তে গান গেয়ে পরিচিতি পান। এরপর কোক স্টুডিও পাকিস্তানের তিনটি মৌসুমে অংশ নেন। কণ্ঠ দিয়েছেন একাধিক হিট গানে। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে দোলা, প্যায়ার হুয়া থা, বাজি, ওয়াশমাল্লাই, বানওয়ার, কাফ কাঙ্গনা, মালাং, চান ভি এবং সাত দিন মোহাব্বত ইন।
গত বছর আলী জাফরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাকিস্তান সুপার লিগের থিম সং খুল কে খেল–এ।
এদিকে, একই দিনে ঢাকায় আরেকটি কনসার্ট ‘মেলোডি আনলিশড’-এ গাইবেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।
গত এক বছর ধরেই ঢাকায় পাকিস্তানি শিল্পীদের পারফরম্যান্সের প্রবণতা বেড়েছে। এরই মধ্যে ঢাকায় গান গেয়ে গেছেন ব্যান্ড জাল, কাভিশ এবং আতিফ আসলাম।
আগামী ২ মে ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা। সেখানে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমত।