প্রথমবারের মতো ঢাকায় আন্তর্জাতিক হার্ট ফেইলিউর কনফারেন্স সম্পন্ন: আত্মপ্রকাশ করল নতুন সংগঠন
রাজধানী ঢাকায় প্রথমবারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘১ম আন্তর্জাতিক হার্ট ফেইলিউর কনফারেন্স ২০২৬’। দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলন গত ২৯ ও ৩০ মার্চ শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ হার্ট ফেইলিউর অ্যাসোসিয়েশন’ (BHFA)-এর আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে।
হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও গবেষণাকে দেশীয় চিকিৎসকদের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। দেশ-বিদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণ সম্মেলনটিকে একটি উচ্চমানের বৈজ্ঞানিক প্ল্যাটফর্মে পরিণত করেছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. ডিএমএম ফারুক ওসমানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন। এছাড়া হৃদরোগ ব্যবস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. এ এফ খবিরুদ্দিন।

বিদেশের নামী চিকিৎসকদের উপস্থিতি ছিল এই সম্মেলনের অন্যতম আকর্ষণ। উল্লেখযোগ্য আলোচকদের মধ্যে ছিলেন: সুইজারল্যান্ড: অধ্যাপক রবার্ট মানকা ও অধ্যাপক ফ্রাঙ্ক রুশিটিজকা। যুক্তরাজ্য: অধ্যাপক তেরেসা এ ম্যাকডোনা ও অধ্যাপক স্টিফেন পেটিট। মালয়েশিয়া: অধ্যাপক ডা. চি কোক হান এবং এআই-ভিত্তিক চিকিৎসা নিয়ে সেশন পরিচালনা করেন ডা. সুথান কাভেরি।
দুই দিনব্যাপী সেশনগুলোতে হার্ট ফেইলিউরের বিভিন্ন দিক যেমন—কার্ডিয়াক ইমেজিং, ডিভাইস থেরাপি, অ্যাডভান্সড হার্ট ফেইলিউর এবং কার্ডিয়াক সার্জারি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হার্ট ফেইলিউর অ্যাসোসিয়েশন (BHFA) গঠিত হয়েছে। সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন: প্রেসিডেন্ট: অধ্যাপক ডা. মোঃ আতাহার আলী , জেনারেল সেক্রেটারি: সহযোগী অধ্যাপক ডা. দিন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ,ট্রেজারার: ডা. এস. এম. ই. আল বাকার
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। সরকারের মন্ত্রীরা জাতীয় পর্যায়ে হৃদরোগ ব্যবস্থাপনার অগ্রগতিতে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের ফলে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির জেনারেল সেক্রেটারি ডা. এ. এফ. খবির উদ্দিন আহমেদ জানান, ভবিষ্যতে মানসম্মত ও প্রমাণভিত্তিক (evidence-based) চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।