পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে সিআইএফের বৈঠকে ৩০ মিলিয়ন ডলারের অর্থায়ন বিষয় আলোচনা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে ঘোষিত ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে অর্থায়নের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন, অর্থ ব্যবহারের পরিকল্পনা ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকটি শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুরে কপ সম্মেলনস্থলে সিআইএফের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন ও অংশীদারত্ব বিভাগের প্রধান জ্যাকব থপিল উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ শাহ আদনান মাহমুদ ও ইয়ুথ ফর এনডিসির আমানউল্লাহ পরাগ।
বৈঠকে বাংলাদেশের জন্য সিআইএফের অ্যারাইজ কর্মসূচির আওতায় অর্থায়ন কার্যকর ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সিআইএফ প্রতিনিধিরা জানান, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগের সুযোগ তৈরি এবং অর্থনৈতিক সুরক্ষা প্রদানই এ কর্মসূচির মূল লক্ষ্য। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে সহ-অর্থায়নের সুযোগ রয়েছে। অনুদান, শর্তসাপেক্ষ অনুদান, স্বল্পসুদের ঋণ, ইকুইটি বিনিয়োগ ও গ্যারান্টিসহ বিভিন্ন আর্থিক উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষি, পানি, জ্বালানি, পরিবহন ও শিল্প খাতে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে।
অর্থায়ন ছাড় প্রক্রিয়া নিয়ে সিআইএফ জানায়, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও ঝুঁকিপূর্ণ খাত বিবেচনায় নিয়ে একটি দেশীয় নেতৃত্বাধীন বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা হবে, যা এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় প্রণয়ন করা হবে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৈঠকে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবকাঠামোগত সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, উপকূলীয় এলাকায় বহু পুরনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদ পানীয় জলের সংকট মানুষের জীবন কঠিন করেছে।
এছাড়া, প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগত তত্ত্বাবধানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন, যেখানে মোট বৃক্ষরোপণের ৩৫-৪০ শতাংশ ম্যানগ্রোভ গাছের মাধ্যমে কার্বন সংরক্ষণ ও উপকূলীয় সুরক্ষা নিশ্চিত করা হবে। বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাইলট কর্মসূচি (পিপিসিআর)-এর অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। ২০০৮ সালে শুরু হওয়া এ কর্মসূচির সম্পূর্ণ অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে। সিআইএফের মূল্যায়ন, পরিচালনা ও যোগাযোগ প্রতিনিধিদল ২০২৭ সালের জানুয়ারিতে ঢাকা সফর করবে।
বাংলাদেশ সরকার ২০২৭ সালের এপ্রিল মাসে সম্ভাব্য ২৪ তারিখে দেশে সিআইএফ পরিচালনা পর্ষদের সভা আয়োজনের অনুমোদন দিয়েছে, যেখানে বিভিন্ন বোর্ড সদস্য, পর্যবেক্ষক ও উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, কার্যকর অর্থায়ন নিশ্চিতকরণ ও প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন এবং ভবিষ্যতে অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দেন।