ঢাবির শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট খুলে দিলো প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের কাটাবন-শাহবাগ সড়ক সংলগ্ন পকেট গেট শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টার দিকে হলপাড়া এলাকায় সমবেত শিক্ষার্থীরা এই গেট খোলার দাবি জানিয়ে প্রতিবাদ করেন। তারা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামানের সামনে ‘‘ভুয়া ভুয়া’’ স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অবশেষে সহকারী প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সজীব গেটটি খুলে দেন, যা দেখে শিক্ষার্থীরা উল্লসিত হন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গেট বন্ধ থাকায় প্রতিদিন যাতায়াতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে টিউশন, জরুরি প্রয়োজনে ওষুধ ও খাবার সংগ্রহ এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। এজন্য তারা গেটটি পুনরায় খোলার দাবিতে আন্দোলন চালান।

এর আগে, ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তার কারণে গত ১৭ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই গেট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শেখ মুজিবুর রহমান হলসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের হাজারো শিক্ষার্থীর বাইরে যাতায়াতের প্রধান পথ ছিল এই গেট। গেট খোলা থাকলে কাটাবন মার্কেট, আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালসহ শাহবাগ এলাকা থেকে সরাসরি যানবাহন শিক্ষার্থীদের নামিয়ে দিতে পারত যার ফলে হলে আসা-যাওয়া সহজ ছিল। তবে গেট বন্ধ থাকায় শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে এক কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হয়।

শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী সাদ আদনান বলেন, ‘‘ছাত্রলীগ পলাশী, নীলক্ষেত দিয়ে নাশকতা করতে পারে, তাদের পকেট গেট দিয়ে আসার দরকার নেই। কিন্তু নিয়মিত মানুষ ওই পথ দিয়ে চলাচল করে, যেখানে নিরাপত্তা নেই। অথচ পকেট গেট বন্ধ রাখা হয়েছে, যা আমাদের হয়রানি করছে।’’ একই হলের কাউছার ইসলাম বলেন, ‘‘গেট বন্ধ থাকলে কাটাবন ও সাইন্সল্যাবে যেতে অনেক পথ ঘুরতে হয়, যা সময় ও খরচ বাড়ায়। অনেক শিক্ষার্থী টিউশন করে, তাদের জন্য গেট খোলা থাকা জরুরি। প্রশাসনের এই সিদ্ধান্ত নিরাপত্তার বদলে হয়রানি বাড়াচ্ছে।’’

সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব বলেন, ‘‘নিরাপত্তার কারণে গেটটি বন্ধ রাখতে চেয়েছিলাম, কিন্তু শিক্ষার্থীরা চলাচলের অসুবিধার কারণে সেটি ভাঙার চেষ্টা করায় গেট খুলে দিতে হয়েছে। আমরা চাইলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু করিনি।’’

তিনি আরও জানান, এখন গেট সংলগ্ন এলাকায় দুইজন গার্ড থাকবে এবং শাহবাগ থানায় পুলিশের একজন সদস্য পাঠিয়ে নজরদারি করা হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্প্রতি শহীদুল্লাহ হল ও অমর একুশে হলের দুটি বন্ধ গেট ভাঙার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে কারা আছে তা নিশ্চিত নন; সন্দেহ করছেন ছাত্র ও অছাত্র উভয়েই জড়িত থাকতে পারে।

All Categories