পর্দার মা-ছেলে, বাস্তবে স্বামী-স্ত্রী
নায়ক-নায়িকার প্রেম কিংবা সেটে কাজ করতে গিয়ে সম্পর্ক গড়ে ওঠা বিনোদন অঙ্গনে নতুন কিছু নয়। এমন অনেক সম্পর্কের পরিণতি হয়েছে বিয়েতে। তবে, বলিউডের এক দম্পতির প্রেমগাথা অন্য সবার চেয়ে একটু আলাদা।
এই দম্পতি একসময় ক্যামেরার সামনে ছিলেন মা-ছেলের ভূমিকায়। হিন্দি ধারাবাহিক ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’-তে মায়ের চরিত্রে অভিনয় করেন কিশ্বর বণিক। আর তাঁর ছেলের চরিত্রে দেখা যায় সুয়াশ রায়কে।
২০১০ সালে প্রচারিত এই ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পায়। পর্দায় মা-ছেলের রসায়ন দর্শকের প্রশংসাও কুড়ায়। কিন্তু কেউ ভাবতেই পারেননি, এই দুই অভিনয়শিল্পী বাস্তবে প্রেমে জড়াবেন!
বয়সের ব্যবধানও কম নয় অভিনেত্রী কিশ্বরের চেয়ে সুয়াশের বয়স আট বছর কম। শুধু বয়স নয়, ধর্মও হতে পারত বড় বাধা। কিশ্বর মুসলিম, আর সুয়াশ হিন্দু পাঞ্জাবি পরিবারের সন্তান।
তবে কিশ্বর স্পষ্টভাবে জানিয়েছেন, ধর্ম তাঁদের সম্পর্কের পথে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। দীর্ঘ প্রেমের পর ২০১৬ সালে বিয়ে করেন এই জুটি।
তবে, তাঁদের বিয়েতে সুয়াশের পরিবারের আপত্তি ছিল শুরুতে। বয়সের পার্থক্য মেনে নিতে পারেননি পরিবারের সদস্যরা। পরে সুয়াশ তাঁদের রাজি করান।
বিয়ের পর কিশ্বর ও সুয়াশ ট্রলের মুখে পড়েন। সামাজিক মাধ্যমে চলতে থাকে বয়স নিয়ে নানা সমালোচনা। তবে সবকিছু পাশ কাটিয়ে সুখেই সংসার করছেন তাঁরা। এই দম্পতির একটি পুত্রসন্তানও রয়েছে।
একসময় পর্দায় মা-ছেলের ভূমিকায়, এরপর বাস্তবে প্রেম শেষমেশ বিয়ে। বলিউডের এই দম্পতির প্রেম যেন রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়।