পোল্ট্রি শিল্পের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার
সরকার পোল্ট্রি শিল্পের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ গ্রহণ করেছে, যাতে ন্যায্য মূল্যে পোল্ট্রি সরবরাহ নিশ্চিত করা যায়। প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকায় পিটিআই ভবনে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘খামারিরা যাতে কম খরচে পোল্ট্রি উৎপাদন করতে পারেন, সেজন্য ফিডসহ অন্যান্য উৎপাদন উপকরণের ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে। উৎপাদন খরচ কমানো গেলে খামারি ও ভোক্তা উভয়েই উপকৃত হবেন।’
সভায় গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে পোল্ট্রি শিল্প ও এগ্রো ফার্মের প্রতিনিধিরা অংশ নেন। তারা পোল্ট্রি শিল্পের বর্তমান সংকট ও উৎপাদন খরচ বৃদ্ধির বিভিন্ন কারণ তুলে ধরেন।
খামারি ও উদ্যোক্তারা জানান, ফিডের উচ্চমূল্য, একদিন বয়সী ছানার দাম এবং অন্যান্য উৎপাদন উপকরণের খরচ বেড়েছে। এভাবে উৎপাদন খরচ দিন দিন বাড়তে থাকায় তারা নানা লোকসানের মুখে পড়ছেন। বাজারমূল্যের উপরও এর প্রভাব পড়ছে।
পোল্ট্রি শিল্পের উৎপাদন খরচ কমাতে ফিডের দাম কমানো, ছানার দাম সহনীয় পর্যায়ে রাখা এবং অন্যান্য উৎপাদন উপকরণের মূল্য কমানোর দাবি জানান খামারি ও শিল্প উদ্যোক্তারা। তারা পোল্ট্রি খাতকে টেকসই ও লাভজনক করতে সরকারের কার্যকর সহযোগিতাও চান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পোল্ট্রি পণ্য নিশ্চিত করতে হলে উৎপাদন পর্যায়ে খরচ কমাতে হবে। এ জন্য ফিডসহ পোল্ট্রি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের দাম কমানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রাণিসম্পদ আইন-২০১০ মাঠ পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে এ খাতের শৃঙ্খলা ও মানোন্নয়ন নিশ্চিত করা হবে। একই সঙ্গে খামারি ও উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সভায় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পোল্ট্রি শিল্পের প্রতিনিধি ও খামারিরা উপস্থিত ছিলেন।