পঞ্চগড় সীমান্তে ৭ ভারতীয় পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেলেন

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বিজিবির বাধার কারণে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হন। মঙ্গলবার রাতে তারা মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। পুশইনের চেষ্টা করা সাতজনের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী ছিলেন।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি অবস্থান নেন। দিনভর সীমান্ত এলাকায় অবস্থানের পর রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে সাতজন একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার এবং পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভারতের পুশইন করা ছয়জনকে পঞ্চগড় জেলা শহরের একটি বাস কাউন্টার থেকে আটক করে পুলিশ।

All Categories