প্লেব্যাকে আসিফ আকবরের নতুন সুরের ঝংকার

প্লেব্যাকে আসিফ আকবরের নতুন সুরের ঝংকার

বাংলা সিনেমার প্লেব্যাকে এক সময় দাপটের সাথে রাজত্ব করেছেন গানের যুবরাজ আসিফ আকবর। এন্ড্রু কিশোর-পরবর্তী যুগে তার গায়কী ছিল প্রজন্মের অন্যতম প্রিয়। কিন্তু নকল গানের প্রতিবাদে এক সময় সিনেমার গানের জগৎ থেকে দূরে চলে যান তিনি। দীর্ঘ বিরতির পর কিছুদিন আগে প্লেব্যাক গানে ফিরলে ও তার উপস্থিতি ছিল সীমিত। তবে এবার সিনেমার গানে আসিফ আকবরের অনুপস্থিতি ঘুচতে চলেছে। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় গাইলেন তিনি।

আলোক হাসানের পরিচালনায় বহুল আলোচিত সিনেমা ‘টগর’-এর টাইটেল গানে ফিরেছেন আসিফ আকবর। এই গানে তার পুরোনো সেই শক্তিশালী কণ্ঠ দর্শকদের মনে নতুন করে সাড়া তুলবে। সিনেমার টাইটেল গানে তার সঙ্গে ঠোঁট মেলাবেন ঢাকাই সিনেমার উঠতি তারকা আদর আজাদ।

গানের কথাগুলো এমন— হবেরে খেলা কাঁপবে শহর / খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার জান্নাত আরা ফেরদৌস মিলা, এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আয়ুষ দাস।

গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, অনেকদিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। তার ওপর এখন বয়সও হয়েছে। কিন্তু যখন প্রযোজক এবং পরিচালক বললেন, এটা আপনাকে ছাড়া হবে না,তখন নিজেই অনুভব করি, আসলেই তো! আমি নিজেও গানটি গেয়ে জোশ পেয়েছি।

এটি এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত সিনেমা ‘টগর’-এর অংশ। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ, এবং অন্যান্য চরিত্রে আছেন পূজা চেরি, আজাদ আবুল কালাম, রোজী সেলিম, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ।

সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্যের কাজ চট্টগ্রাম-এ সম্পন্ন হয়েছে। সিনেমাটির অডিও ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে স্টিমু ডিজিটাল, ফ্যাশন পার্টনার হিসেবে ইজি ফ্যাশন লিমিটেড, ট্যুরিজম পার্টনার হিসেবে প্রিয় হলিডেজ, এবং প্রোডাকশন পার্টনার হিসেবে এলএমজি বিডি।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছে এআর মুভি নেটওয়ার্ক টিম, এবং সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম।সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

এই সিনেমা এবং এর গানটি আসিফ আকবরের দীর্ঘ বিরতির পর তার ভক্তদের জন্য এক নতুন উপহার হিসেবে এসেছে, যা বাংলা সিনেমার প্লেব্যাক গানে নতুন এক দিগন্ত উন্মোচন করবে।

All Categories