পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল ছয়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।
অবরোধের কারণে সকাল থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে আটটার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়ের মূল অংশে যান চলাচল বন্ধ থাকে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি আরও বলেন, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ‘গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।’
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল আবার শুরু হবে।