পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পন আঘাত হেনেছে। শুক্রবার (৯ অক্টোবর) এই ভূমিকম্পের পর রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূকম্পনের পর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে মারাত্মক সুনামির পূর্বাভাস ও সতর্কতা জারি করেছে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গ্রিনিচ মান সময় ৫টা ৫৬ মিনিটে পানামার দক্ষিণ-মধ্যাঞ্চলের পিতালোজা আররিবা থেকে ১০ কিলোমিটার দূরে ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল। প্রথমে এর মাত্রা ৮.০ নির্ধারণ করা হলেও পরে ৭.৭ হিসেবে নিশ্চিত করা হয়।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে। কম গভীরতার কারণে এর তীব্রতা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। রাজধানী পানামা সিটি, যা উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় লোকজনকে দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, মেক্সিকো থেকে পেরু পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় মারাত্মক সুনামি ঢেউ আঘাত হানতে পারে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘ভূমিকম্পের পর আগামী ৩ ঘণ্টার মধ্যে ঝুঁকিপূর্ণ ও ধ্বংসাত্মক সুনামি ঢেউ তৈরি হতে পারে।’ এতে উপকূলের মানুষ সমুদ্রে ভেসে যাওয়া বা পানির তোড়ে ভেসে আসা ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে এবং উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের নিরাপদ ও অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

All Categories