অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাবা ও সৎ মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় হাজির না হওয়ায় মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

মামলাটি দায়ের করেন শাওনের সৎ মা নিশি ইসলাম। মামলায় শাওনের সঙ্গে আরও ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদও।

আদালতে মামলার শুনানিকালে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেন। তারা জানান, তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। শাওন, ডিবি হারুনসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

আদালতের আদেশের প্রতিক্রিয়ায় বাদী নিশি ইসলাম বলেন, ‘আমরা চাই আসামিরা শাস্তি পাক। শাওন আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, মামলা চলাকালেও সে প্রভাব খাটিয়েছে।

২০২৪ সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে বিয়ের জন্য বিজ্ঞাপন দেন। সেই সূত্রে পরিচয় ও পরে বিয়ে হয় নিশি ইসলামের সঙ্গে। এরপর থেকেই পারিবারিক দ্বন্দ্ব শুরু হয় বলে অভিযোগ।

নিশি ইসলামের দাবি, বিয়ের পর শাওন বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। শুধু তা-ই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিশিকে ছয় মাস কারাবন্দী রাখার অভিযোগও আনা হয়েছে। এমনকি শাওন তার বাবাকে মানসিকভাবে অস্থির বলে দাবি করে এক পর্যায়ে তাকে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।বাদীর অভিযোগে শাওনের অন্যান্য ভাইবোনের বিরুদ্ধেও নির্যাতনের সহযোগিতার কথা উঠে এসেছে।

মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আদালত আগামী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

All Categories