‘অপমানে’ কারাখানার ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের মৃত্যু, রণক্ষেত্র গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর উত্তেজিত শ্রমিকেরা কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৩১ জন আহত হন।
নিহত শ্রমিকের নাম জাকির হোসেন (৩৫)। তিনি কারখানাটিতে অপারেটর পদে কর্মরত ছিলেন।
শ্রমিকদের ভাষ্য, সোমবার বিকেলে জাকির কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চান। কিন্তু কর্তৃপক্ষ ছুটি না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে কারখানার ছাদ থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর পর মঙ্গলবার সকাল থেকে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশের একটি এপিসি (সাঁজোয়া যান) ভাঙচুর করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের ১১ সদস্য ও অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
এ ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।