অবশেষে বিয়ের পিঁড়িতে মেহজাবীন
১৩ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র আর কেউ নয়- প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব।
কয়েক দিন ধরেই তার এবং নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের গুঞ্জন চলছিল মিডিয়াপাড়ায়।
মেহজাবীন ও রাজীবের বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল।
সোমবার নিজেই বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন।
এরপর আবেগঘন এক স্ট্যাটাসে মেহজাবীন লিখেছেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল- একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে, যার হাসি ছিল অপূর্ব, সে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউসের টেরেসে দাঁড়িয়ে ছিলাম, আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়ে দিল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মিলালাম এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরোও তার সাথে চলে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম- এই হলো সেই মানুষ।’
এর আগে ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়ে হলুদ সম্পন্ন হয় তাদের।
গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়।
সোমবার ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেছেন তারা।
ছবি এবং তার এমন স্ট্যাটাস মুহূর্তেই নজন কাড়ে তার ভক্তদের। এরপর সহকর্মী এবং ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে থাকেন তিনি।