নয়ন গ্রেফতার করে সাবেক ছাত্রলীগ নেতা রুদ্রকে পুলিশের কাছে দিলেন
ঢাকার শান্তিনগর এলাকা থেকে ছাত্রলীগের প্রাক্তন নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন।
শুক্রবার রাত প্রায় ১১টার দিকে নয়নের নেতৃত্বে একদল যুবক মহিউদ্দিনকে আটক করে পল্টন থানায় সোপর্দ করে।
মহিউদ্দিন আহমেদ রুদ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আইন সহায়ক পরিষদের নেতা হিসেবে পরিচিত।
থানায় নেওয়ার সময় বিভিন্ন ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। পল্টন থানায় পৌঁছে নয়ন বলেন, "ওসি সাহেব, আপনার জন্য অতিথি নিয়ে এলাম। অতিথির হাত থেকে ফোনটি নিন।" তিনি আরও বলেন, "রুদ্র ভাই ছাত্রলীগ নেতা ছিলেন এবং এখন যারা বোমা হামলা ও অগ্নিসংযোগ করে, তাদের জামিন করান। এখন দেখব, তিনি কতদিনে মুক্তি পান।"
পল্টন থানার ওসি জানান, মহিউদ্দিনকে তারা থানায় দিয়েছে এবং বিষয়টি যাচাই করা হচ্ছে।
এদিকে, মোহাম্মদপুর থানার এসআই জাহেদুল ইসলাম কবির জানান, রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কয়েকজন নেতা-কর্মী এস এম বাবু নামে এক ব্যক্তিকে ধরে থানায় সোপর্দ করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাবু আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।