নোবেল সাহিত্য পুরস্কার পেলেন কানাডার লেখক অ্যান কারসন

কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন।

সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য এ বছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন অ্যান কারসন। নোবেল কর্তৃপক্ষ জানায়, ‘ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যের জন্য নতুন রূপ সৃষ্টি করার জন্য’ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেলে পুরস্কার ঘোষণা করে দ্য সুইডিশ একাডেমি। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অ্যান কারসন কবিতা লেখার পাশাপাশি অনুবাদ করেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

১৯০১ সাল থেকে ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অ্যান কারসনসহ এখন পর্যন্ত ১৯ জন নারী সাহিত্যে নোবেল পেয়েছেন।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই। তাঁকে অ্যাপোক্যালিপ্টিক আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য পুরস্কৃত করা হয়।

ক্রাসনাহোরকাই এর জার্মান ভাষার উপন্যাস ‘হার্শট ০৭৭৬৯’ সম্পর্কে নোবেল কর্তৃপক্ষ জানায়, এটি জার্মান সমাজের অস্থিরতাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এতে একটি ছোট্ট শহরে সামাজিক অস্থিরতা, হত্যা ও অগ্নিসংযোগের কারণে বিপর্যস্ত জীবনের গল্প তুলে ধরা হয়েছে।

শান্তিতে পুরস্কার বিজয়ীর নাম শুক্রবার ঘোষণা করা হবে। অর্থনীতিতে পুরস্কার ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।

পুরস্কারের অংশ হিসেবে একটি করে ডিপ্লোমা, স্বর্ণপদক এবং প্রায় ১২ লাখ ডলারের চেক দেওয়া হয়। একাধিক বিজয়ী হলে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেওয়া হয়। ১৯০১ সাল থেকে মানবতার জন্য বড় ধরনের অগ্রগতি বয়ে এনেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, যা আলফ্রেড নোবেলের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

All Categories