নিউ ইয়র্কের মেট গালায় প্রথমবার, ইতিহাস গড়লেন শাহরুখ খান
বিশ্ব ফ্যাশনের অন্যতম মর্যাদাসম্পন্ন আসর মেট গালার লালগালিচায় এ বছর প্রথমবারের মতো পা রাখলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। একই সঙ্গে তিনি হলেন প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা, যিনি অংশ নিলেন এই অনুষ্ঠানে। নিউ ইয়র্কের ম্যানহাটনে সোমবার (স্থানীয় সময়) অনুষ্ঠিত হয় মেট গালা ২০২৫।
এ বছরের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। এই থিমের নিজস্ব ব্যাখ্যায় শাহরুখ হাজির হন ঐতিহ্যবাহী ও রাজকীয় সাজে।

পরনে ছিল সব্যসাচী মুখার্জির নকশা করা মোঘল অনুপ্রাণিত মুর্শিদাবাদি সিল্কের কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্ট। গলায় হীরার ‘কে’ অক্ষর খচিত পেনড্যান্টসহ একগুচ্ছ গয়নার চেইন, হাতে ধরা ছিল বাঘের মুখ লাগানো একটি ঝকমকে ছড়ি।
লালগালিচায় উপস্থিত হয়ে শাহরুখ খান বলেন, এটা একটু র্যাপারদের মতো লাগছে। মজার ছলে বলা এ কথার মধ্যেও ফুটে ওঠে তাঁর আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ততা।

শাহরুখ জানান, ফ্যাশনের দুনিয়া তাঁর পরিচিত জায়গা নয়। তবু তিনি অংশ নিলেন, কারণ তাঁর লক্ষ্য ছিল পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে দক্ষিণ এশীয় অভিনেতাদের ঘিরে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা।
‘ওরা আজও আমাদের দেখে এক্সোটিক চরিত্র হিসেবে। এখনও অনেক সময় পিটার সেলার্সের "বার্ডি নুম নুম"-এর মতো চরিত্র দেওয়া হয়, বলেন শাহরুখ।
নিউ ইয়র্কে তিন দিনের সফরের একটি দিন তিনি কাটিয়েছেন স্থানীয় জনপ্রিয় দোকান ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ নিখুঁত একটি জিন্স খুঁজে। হেসে বলেন, আমি জিন্স আর টি-শার্টের লোক।
মেট গালার সন্ধ্যায় শাহরুখ কোনো সিনেমার চরিত্রে ছিলেন না, ছিলেন নিজেই। স্টাইল, ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিনিধিত্বের মেলবন্ধনে তৈরি করেছিলেন এমন এক মুহূর্ত, যা দীর্ঘদিন মনে রাখবে ফ্যাশন বিশ্ব।
শাহরুখ খান আবার মেট গালায় আসবেন কি না, তা জানা না গেলেও, প্রথমবারেই তিনি রেখে গেলেন এক অবিস্মরণীয় ছাপ।