নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না আসায় হতাশ বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না আসায় গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলটির অভিযোগ, উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বক্তব্য বিভ্রান্তিকর এবং নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, গত ২৪ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে। পরে আরও কয়েকটি দল তার সঙ্গে বৈঠক করে। আমরা সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলাম। পরদিন উপদেষ্টা পরিষদের বিবৃতিতে নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় আমরা হতাশ হয়েছি।

বিএনপি নেতা আরও বলেন, আমরা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করিনি, এখনও করছি না। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছি। সেই লক্ষ্যে রোডম্যাপ জরুরি।

সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে বিএনপি। মোশাররফ বলেন, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, পরাজিত শক্তির ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রে সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমরা মনে করি, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই এসব ষড়যন্ত্রের জবাব হতে পারে।

সরকারের ভেতরে থাকা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ দাবি করে তিনি বলেন, জাতীয় ঐক্য বিনষ্টকারীদের সরিয়ে দিয়ে সরকারের উচিত নিরপেক্ষতার প্রমাণ দেওয়া।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথগ্রহণে বিলম্ব নিয়েও প্রশ্ন তোলে বিএনপি। মোশাররফ বলেন, আদালতের রায় থাকার পরও সরকার এখনো শপথ গ্রহণের ব্যবস্থা করেনি। এতে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চাই দ্রুত একটি নির্বাচিত সরকার গঠিত হোক। তাই অবিলম্বে একটি নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এটি বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

All Categories