নির্বাচনে যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে : মির্জা ফখরুল

নির্বাচন যত দেরিতে হবে, দেশ তত পিছিয়ে যাবে—এ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পিছিয়ে গেলে বিনিয়োগ আসবে না, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে, বিচারব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।

সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

সভায় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। মানুষের কাছে যান। মানুষকে বোঝান—বিএনপি ছাড়া আর কোনো উপায় নেই।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, হাসিনা গণতন্ত্র, ভোটাধিকার, পত্রিকার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। মানুষের মৌলিক অধিকার হরণ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নতুন পথ দেখিয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে কর্মসংস্থান থাকবে, নারীরা নিরাপদ থাকবে, বাকস্বাধীনতা থাকবে, চিকিৎসা ও শিক্ষার সুব্যবস্থা থাকবে। সেই লক্ষ্যেই বিএনপি ৩১ দফা রূপরেখা দিয়েছে। এ ৩১ দফায় বাংলাদেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে।

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, এমন একটি রাষ্ট্র চাই যেখানে কেউ কারও মুখ চেপে ধরবে না। তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। অসুস্থ অবস্থায় থেকেও দেশনেত্রী খালেদা জিয়া আমাদের দিকনির্দেশনা দিচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তিনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় ঠিক করেছেন।

সিলেটের প্রতি আলাদা আবেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের পুণ্যভূমি। শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর স্মৃতিধন্য এই মাটিতে এসেই আমরা শান্তি পাই। আর সিলেট তো আরও আপন, কারণ তারেক রহমানের শ্বশুরবাড়িও এখানে।

দোয়া মাহফিলের শুরুতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, গুম হওয়া এম ইলিয়াস আলীসহ নিহত ও নিখোঁজ নেতাদের স্মরণ করেন বিএনপির মহাসচিব।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মোক্তাদির, নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

All Categories