নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের নারীরা: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বব্যাপী নারীরা অনেক দেশে সমান অধিকার পেলেও বাংলাদেশে এখনো নারীরা বৈষম্য, সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন। বর্তমানে দেশে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের অধিকারের সুরক্ষা নেই।

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং বিএনপির অন্যান্য নারী নেতৃবৃন্দ।

রিজভী বলেন, বিএনপি যদি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে, তবে নারীদের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে একটি নারীবান্ধব, নিরাপদ এবং স্বাধীন সমাজ গড়ে তোলা প্রয়োজন, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার, সুরক্ষা ও মর্যাদা ভোগ করবেন।’

তিনি আরও উল্লেখ করেন, ’আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি, তখন বাস্তবতা খুবই হতাশাজনক। সম্প্রতি নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সমাজে নারীদের অধিকার নিশ্চিত করতে আরও অনেক কাজ বাকি রয়েছে।’

রিজভী বলেন, নারী-পুরুষের মধ্যে বৈষম্য এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন তীব্র হচ্ছে, যা জাতির জন্য বড় বিপদ। তিনি জানান, বিএনপি এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং নারীদের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

এছাড়া, তিনি বলেন, ‘নারীরা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের যৌন হয়রানির শিকার হচ্ছেন। শুধু দৈনন্দিন জীবনে নয়, অনলাইনেও নারীরা অবমাননা এবং হেনস্তার শিকার হচ্ছেন।’

রিজভী মনে করেন, নারীদের প্রতি সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতি সমাজের স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি প্রশ্ন তুলেন, এই সহিংসতা ও অসভ্যতার পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে?

তিনি আরও বলেন, এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিছু উগ্র গোষ্ঠীর প্রভাবের কারণে, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং নারীদের অধিকার ক্ষুণ্ণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

রিজভী ভবিষ্যতেও বাংলাদেশের নারীরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সকল সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে এবং তাদের শক্তি, সাহস ও অবদান দেশের উন্নয়নে অব্যাহত থাকবে। বিএনপি এই আন্দোলনে নারীদের পাশে থাকবে।

All Categories