নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: র্যাব মহাপরিচালক
নববর্ষ ঘিরে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, এবারের বাংলা নববর্ষ উপলক্ষে কোথাও নিরাপত্তা ঝুঁকি নেই।
রোববার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বটমূলের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
র্যাব মহাপরিচালক বলেন, জেলা-উপজেলা এমনকি গ্রাম পর্যায়েও নববর্ষের অনুষ্ঠান হয়। তাই সব জায়গায় নিরাপত্তা বলয় বিস্তৃত করা হয়েছে, যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়।
নিরাপত্তা নিয়ে শঙ্কা দূর করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দুর্গাপূজার মতো বড় ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, যেখানে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সেসব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এরপর বিজয় দিবস, বড়দিন সব উৎসবেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
চারুকলায় অগ্নিকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সেখানে দায়িত্বে থাকা কারও গাফিলতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিগত বছরের তুলনায় এবারের নববর্ষ আরও নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন হবে।