কাভান সুলিভান পেলেন ২০২৬ সালের এমএলএস বর্ষসেরা তরুণ পুরস্কার

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল তারকা কাভান সুলিভান ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জয় করেন, যা ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই সম্মান পাওয়ার রেকর্ড।

এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং বর্তমান খেলোয়াড়দের ভোটের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। সুলিভান মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পেয়ে শীর্ষ স্থান অর্জন করেন। তিনটি ভিন্ন ভোটিং ক্যাটাগরিতে—খেলোয়াড়, গণমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের মধ্যে—ওই তরুণ ফুটবলার সর্বোচ্চ ভোট পেয়েছেন। সংবাদমাধ্যম থেকে তিনি পেয়েছেন ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের মধ্যে ৬০.৩৪ শতাংশ ভোট।

যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই তরুণ প্রতিদ্বন্দ্বী, নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতিকে পেছনে রেখে সুলিভান এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন। এমএলএস বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ২০২০ সাল থেকে চালু হয়েছে; এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই পুরস্কারটি নবাগত খেলোয়াড়দের মধ্যে দেওয়া হতো।

এমএলএস-এ নিজের প্রথম মৌসুমে সুলিভান ২৯ ম্যাচে ৯ গোল ও ১৪ অ্যাসিস্টের মাধ্যমে মোট ২৩ গোলের সরাসরি অবদান রেখেছেন। একজন কিশোর হিসেবে এটি একটি বিরল রেকর্ড, কারণ এর আগে কোনো তরুণ খেলোয়াড় এক মৌসুমে এত গোলের অবদান রাখতে পারেননি।

All Categories