নেতানিয়াহু: ইরানের শাসনব্যবস্থা ‘ক্যানসারের’ মতো, নির্মূল না করলে রক্ষা নেই
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে নিজেদের সরকারের অর্জন তুলে ধরার পরও ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের শাসনব্যবস্থাকে ‘ক্যানসারের’ সাথে তুলনা করে সতর্ক করেছেন যে, হুমকিটি দূর না করলে তা আবারও ফিরে আসবে এবং তখন মধ্যপ্রাচ্যের কেউ সুরক্ষিত থাকবে না।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘আই২৪নিউজ হিব্রু’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, "আমরা ৯০ শতাংশ কাজ সম্পন্ন করেছি। কিন্তু আপনারা জানেন, এটি ক্যানসারের মতো। আপনি যদি ইরানের এই শাসনব্যবস্থাকে উপড়ে ফেলতে না পারেন, তবে এটি আবার ফিরে আসবে।"
তিনি তেহরানের রাজনৈতিক কাঠামো গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে নিজের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, "আমি এই শাসনব্যবস্থার পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি জানি কীভাবে তা করতে হয়। আমরা অনেক দূর এগিয়েছি, তবে এখনও কিছু পর্যায় বাকি রয়েছে যা অবশ্যই সম্পন্ন করতে হবে।"