নেতানিয়াহুর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাবে আইজেনকটের খণ্ডন
ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে নতুন জোট সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এটাকে ‘ধাপ্পাবাজি’ হিসেবে অভিহিত করেছেন।
আইজেনকট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘‘সরকার গঠনের আলোচনা ইতোমধ্যেই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু নেতানিয়াহু এখন হঠাৎ করে ঐক্যের জন্য আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে তিনি নেসেটে অনুষ্ঠিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কলঙ্কিত করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘এই কৌশল আমার কাছে গ্রহণযোগ্য নয়।’’
নেতানিয়াহু গত বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠক করার পর জাতীয় ঐক্যের সরকার গঠনের গুরুত্ব সম্পর্কে তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান নেতানিয়াহু দাবি করেন, এই ঐক্য ইরানের হুমকি মোকাবেলায় কার্যকর হবে, অন্যথায় ইরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগে পিছপা হবে না।
আইজেনকট দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতা থেকে অব্যাহতি চান এবং নির্বাচনে ভালো ফল করা আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পেয়ে নতুন জোট গঠনের চেষ্টা করছেন। যদিও তিনি আগে জানিয়েছিলেন, সরকার গঠনের জন্য আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না। ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনে ১২০ আসনের মধ্যে ৬১টি আসন সরকার গঠনের জন্য প্রয়োজন। আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন, নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট ৫৩টি আসন এবং আরব দলগুলো ১৯টি আসন লাভ করেছে।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ৮ নভেম্বর আইজেনকটকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন, যা প্রয়োজন হলে আরও ১৪ দিন বাড়ানো যাবে।