নাটকের বাইরে মাথার কাপড় ফেলতে চাই না : অহনা

নাটকের বাইরে মাথার কাপড় ফেলতে চাই না : অহনা

ছোট পর্দার জনপ্রিয় মুখ অহনা রহমান বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন তাঁর জীবনযাপনের পরিবর্তন নিয়ে। মাসখানেক আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, ধীরে ধীরে মিডিয়া থেকে সরে দাঁড়াতে চান তিনি। ২০২৫ সাল থেকেই অভিনয়ে কাজ কমিয়ে দেবেন এবং একসময় পুরোপুরি বিদায় জানাবেন এই জগৎকে।

এই ঘোষণার পরপরই ওমরাহ পালন করতে সৌদি আরবে যান অহনা। সেখান থেকে ফিরে আসার পর থেকেই বদলে যান তিনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পোশাকেও আসে আমূল পরিবর্তন। এখন নিয়মিত বোরকা ও হিজাব পরিধান করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা বলেন, ওমরাহ করে আসার পর থেকে আমি হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছি। নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। ইন্টারভিউ বা জনসম্মুখেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।

তাঁর হিজাব পরা নিয়ে নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে বলেও জানান অহনা। এ প্রসঙ্গে বলেন, ‘আমার হিজাব পরা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। এখন এসব আর কানে তুলি না। নায়িকাদের পায়ে পায়ে দোষ হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও কথা, বডিকন পরে কাজ করলে কথা, আবার মাথায় কাপড় দিয়ে কাজ করলেও দোষ! তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না।

এর আগে এক সাক্ষাৎকারে ওমরাহর অভিজ্ঞতা জানাতে গিয়ে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করেননি, তারা বুঝবেন না এর অনুভূতি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, মানসিক প্রশান্তি পেয়েছি।

তিনি আরও জানান, সুযোগ পেলে আবারও সৌদি আরবে যেতে চান। ‘আমি আবারও ওমরাহ করতে চাই। এবারও যেতে পারি। কারণ, ওখানে গিয়ে যে প্রশান্তি পেয়েছি, তা অন্য কোথাও পাইনি। যখন একটু একা থাকতে চাই বা মানসিক শান্তির খোঁজ করি, তখন মনে হয় সৌদিতেই ফিরে যাই,’ বলেন অহনা।

উল্লেখ্য, মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করা অহনা রহমান পরে ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি রয়েছে।

All Categories