নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। তাই নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমরা বিভিন্ন জায়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাই। নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও সুদৃঢ করবে এবং দেশ–জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার বেলা ১১টার দিকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ ছিল দ্বিতীয় দিন। এসময় তিনি পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করেন।
নৈতিকতার ওপর গুরুত্ব রেখে সেনাপ্রধান বলেন, আমরা অনেকেই স্বশিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো ফলাফল, ডিগ্রি বা পিএইচডি অর্জন করলেই হবে না, নৈতিকতার অভাব থাকলে কেউই বড় কিছু করতে পারবে না। তাই সবাইকে ভালো মানুষ হতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।