নাজরানে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২; হুথিদের হামলার দাবি নাকচ জোটের

সৌদি আরবের নাজরান অঞ্চলে একটি এএইচ-৬ আই রিকনিসান্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা দুই ক্রু নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, হেলিকপ্টারটি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীনে একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সম্প্রতি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান ইরানপন্থি হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। জোট ও ইয়েমেনভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর মধ্যে লড়াই বেড়ে যাওয়ায় ইয়েমেন সংঘাত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের আরেকটি ফ্রন্টে পরিণত হয়েছে।

শনিবার এক্স-এ প্রকাশিত পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, নাজরানের কাছে তারা সৌদি একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। তার মতে, হেলিকপ্টারটি সীমান্ত বরাবর হুথিদের অবস্থানগুলোকে লক্ষ্য করে শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল।

রবিবার সারির পোস্টের জবাবে আল-মালিকি একসারিতে দাঁড় করানো কয়েকটি অ্যাপাচির ছবি শেয়ার করে লেখেন, 'তোমরা দাবি করছ এটি ভূপাতিত হয়েছে, কিন্তু এটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে ফিরবে।'

All Categories