ম্যারিনেট করলেই বাড়বে স্বাদ, জেনে নিন সঠিক পদ্ধতি

একই ধরনের রান্না প্রতিদিন খেলে খাবারে একঘেয়েমি চলে আসা স্বাভাবিক। এ কারণে মাঝে মাঝে স্বাদে বৈচিত্র্য আনা জরুরি। আর রান্নার আগে মাছ কিংবা মাংস ম্যারিনেট করলে সেটার স্বাদ বহুগুণে বাড়ে। তবে সঠিক পদ্ধতি না জানলে ম্যারিনেশনের সুফল পুরোপুরি মেলে না।

লবণ আর লেবুর আলাদা গুরুত্ব

ম্যারিনেশনের মূল ভূমিকা হল স্বাদ বাড়ানো এবং মাংসকে নরম করা। লবণ মিশিয়ে রাখলে তা মাংসের অভ্যন্তরীণ আর্দ্রতা বের করে আনে এবং পেশির তন্তুগুলোকে আলগা করে দেয়, ফলে মাংস হয় আরও কোমল। অন্যদিকে, লেবুর রস, ভিনেগার, টক দই বা বাটারমিল্কের মতো অ্যাসিডিক উপাদান প্রোটিনের গঠন পরিবর্তন করে মাংসের উপরিভাগে এনে দেয় এক অন্য রকম স্বাদ।

ম্যারিনেট করার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

তাজা উপকরণ ব্যবহার করুন: সব সময় তাজা ও সুগন্ধযুক্ত মসলা ব্যবহার করুন ম্যারিনেশনে। এতে স্বাদ ও গন্ধে আসবে ভিন্নমাত্রা।

সময় নয়, অনুপাত গুরুত্বপূর্ণ: অনেকেই মনে করেন, বেশি সময় ম্যারিনেট করলে স্বাদ ভালো হবে। কিন্তু সময়ের চেয়ে উপকরণের সঠিক অনুপাত বেশি জরুরি। কম সময়েও ভালো ম্যারিনেশন সম্ভব।

পদের ধরন অনুযায়ী উপাদান বাছাই করুন: কোন খাবারটি রান্না করছেন, তার ওপর নির্ভর করে ম্যারিনেশনের ধরন ঠিক করতে হবে। তেল, টক দই বা অন্যান্য উপকরণ যুক্ত করার আগে সে বিষয়টি মাথায় রাখা জরুরি।

ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ অপেক্ষা করুন: ম্যারিনেট করা মাংস সরাসরি রান্নায় না দিয়ে অন্তত কিছুক্ষণ রেখে দিন। এতে মাংসের তাপমাত্রা রুমের সঙ্গে সামঞ্জস্য হবে এবং স্বাদে ভারসাম্য থাকবে।

অতিরিক্ত সময় এড়িয়ে চলুন: দীর্ঘ সময় ম্যারিনেট করলে অ্যাসিডের প্রতিক্রিয়ায় মাংসের গঠন বদলে যেতে পারে, এমনকি তা গলে যেতে পারে। তাই প্রয়োজনের বেশি সময় ম্যারিনেট না করাই ভালো।

সঠিকভাবে ম্যারিনেট করলে রান্নার স্বাদ যেমন বাড়ে, তেমনি মাংস হয় আরও রসাল ও কোমল। তাই নিয়ম মেনে উপকরণ বাছাই করে, সময় বুঝে রান্নার আগে মাছ বা মাংস ম্যারিনেট করুন। এতে রান্নার স্বাদে আসবে পেশাদারিত্বের ছোঁয়া।

All Categories