মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা বাহিনী কেন নীরব: আব্দুল্লাহ আল জাবের
মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে যাচ্ছেন, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব রয়েছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণের জন্য এগিয়ে যাচ্ছেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন চুপচাপ বসে আছে? এটি একটি বিষয় যা আমাদের ভাবতে বাধ্য করে।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব। তাই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের কাছে প্রশ্ন রেখে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পার হলেও কেন এখনো সনদটি বাস্তবায়ন করা হয়নি, সরকারকে এ বিষয়ে পরিষ্কার করে বলতে হবে। যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে অনিচ্ছুক হয়, তবে সেটিও স্পষ্টভাবে জানানো উচিত।
তিনি বলেন, যারা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়েছেন, তাঁদের উচিত আন্দোলনে অংশ নেওয়া মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সেই কৃতজ্ঞতার প্রতিফলন হিসেবে জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জে এ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।
এ সময় সংগঠনটির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে জেলা এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।