মিষ্টি ও ভালো পাকা পেঁপে কিনতে চাইলে খেয়াল রাখুন রং, বোঁটা, গন্ধ আর আকার
পাকা পেঁপে পুষ্টিগুণে ভরা একটি ফল। এতে থাকা বিটা ক্যারোটিন ত্বক ভালো রাখে, চোখের জন্যও উপকারী। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ও ওজন নিয়ন্ত্রণেও পেঁপের ভূমিকা আছে। তবে বাজার থেকে কেনা সব পেঁপেই যে মিষ্টি হয়, তা নয়। অনেক সময় দেখতে পাকা হলেও খেতে পানসে লাগে। তাই কেনার আগে কয়েকটি বিষয় দেখে নিলে ঠকার আশঙ্কা কমে।
রং দেখে বেছে নিন
পেঁপের গায়ে হলুদ বা লালচে-কমলা ভাব আছে কি না, আগে সেটা দেখুন। পেঁপের গায়ে হালকা খাঁজ থাকে, দুই খাঁজের মাঝের উঁচু অংশ থেকেই সাধারণত পাকা শুরু হয়। এই অংশে গাঢ় হলুদ রং ছড়িয়ে থাকলে সেটি ভালো পাকা। গায়ে হালকা সবুজাভ ভাব থাকলে এক-দুই দিনের মধ্যে পেকে যাবে, এমন পেঁপেও কেনা যায়। তবে পুরো গায়ে একেবারে সমান রং থাকলে সতর্ক থাকুন।
আঙুলে চাপ দিয়ে দেখুন
বুড়ো আঙুল দিয়ে আলতো চাপ দিন। খুব শক্ত লাগলে বুঝবেন পেঁপেটি কাঁচা বা গাছে পুরোপুরি পাকার আগেই তোলা হয়েছে। আবার আঙুল ভেতরে দেবে গেলে সেটি বেশি পেকে গেছে, দ্রুত পচে যাবে। চাপ দিলে সামান্য বসে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে, এমন হালকা নরম পেঁপেই সবচেয়ে ভালো।
বোঁটার অংশে নজর দিন
বোঁটার চারপাশ লালচে-হলুদ ও খানিকটা খাঁজকাটা হলে পেঁপে সাধারণত মিষ্টি হয়। বোঁটায় বা গায়ে বেশি সাদা কষ জমে থাকলে তা এড়িয়ে চলুন। গাছপাকা পেঁপেতে কষ খুব একটা দেখা যায় না; অতিরিক্ত আঠা থাকলে ধরে নিতে পারেন সময়ের আগে পেড়ে কৃত্রিমভাবে পাকানো হয়েছে।
গন্ধ শুঁকে নিন
বোঁটার কাছে নাক নিয়ে দেখুন। পাকা পেঁপে থেকে হালকা মিষ্টি ঘ্রাণ আসে। কোনো গন্ধ না থাকলে, কিংবা ঝাঁজালো বা পচা গন্ধ পেলে সেই পেঁপে না কেনাই ভালো।
আকার ও গায়ের দাগ
খুব মোটা পেঁপের ভেতরটা অনেক সময় ফাঁপা থাকে, বীজও বেশি হয়। তাই লম্বাটে ও মাঝারি আকারের পেঁপে বেছে নেওয়াই ভালো। গায়ে কালচে দাগ বা ছোট ছোট ছিদ্র থাকলে কিনবেন না, এমন পেঁপে ভেতরে পচা হতে পারে, পোকাও থাকতে পারে।