মে দিবসে ‘মার্ক্স ইন সোহো’ নিয়ে আবার মঞ্চে বটতলা ও যাত্রিক

মে দিবসে ‘মার্ক্স ইন সোহো’ নিয়ে আবার মঞ্চে বটতলা ও যাত্রিক

আসছে মে মাসে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও কার্ল মার্ক্সের জন্মজয়ন্তীকে সামনে রেখে আবারও মঞ্চে আসছে নাটক ‘মার্ক্স ইন সোহো’। নাট্য সংগঠন বটতলা ও যাত্রিক-এর যৌথ প্রযোজনায় এই নাটকটি টানা তিন দিন তিনটি প্রদর্শনীতে মঞ্চস্থ হবে।

প্রখ্যাত মার্কিন ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনুদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে। দর্শকমহলে প্রশংসিত এই প্রযোজনা এবার নতুন উপলক্ষে ফিরে আসছে মঞ্চে।

নাটকের গল্পে প্রশ্ন করা হয় মৃত্যুর প্রায় ১০০ বছর পর কার্ল মার্ক্স কি সত্যিই ফিরে এসেছেন সোহোতে? পৃথিবীতে তাঁর ফেরার প্রয়োজনীয়তা কি এখনও রয়েছে? যেখানে শ্রমিক তাঁর ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, বৈষম্য প্রতিদিনের বাস্তবতা, রাষ্ট্রযন্ত্র যেখানে প্রতিবাদের কণ্ঠ রোধ করে সেই বাস্তবতায় কার্ল মার্ক্স কি ফিরে এসেছেন কোনো উত্তর নিয়ে?

নাটকের বিভিন্ন স্তরে উঠে আসে শুধুই দার্শনিক নন, ব্যক্তি মার্ক্সের কথাও। প্রেম, ক্ষোভ, হতাশা ও আশার দোলাচলে দেখা মেলে এক মানবিক চিন্তকের। তাঁর ভাবনার গভীরতা আর প্রাসঙ্গিকতা আজও বিস্ময় জাগায়।

নির্দেশক নায়লা আজাদ বলেন, ‘হাওয়ার্ড জিন এই নাটকে মার্ক্সকে যেমন বিপ্লবী চিন্তক হিসেবে তুলে ধরেছেন, তেমনি একজন মানুষ হিসেবেও চিনিয়েছেন। আমাদের এই প্রযোজনার লক্ষ্য জিনের সেই মানবিক মার্ক্সকে আজকের দর্শকের সামনে নিয়ে আসা।

নাটকের নির্মাণ প্রক্রিয়ায় বটতলার সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের নাট্য সংগঠন যাত্রিক। দুই দলের এই যৌথ প্রয়াস নিয়ে আয়োজকেরা আশা করছেন, ‘মার্ক্স ইন সোহো’-এর ভাবনা ও বার্তা আরও বড় পরিসরে পৌঁছাবে দর্শকের কাছে।

নাট্যপ্রেমীদের জন্য এই আয়োজন শুধু নাট্য অভিজ্ঞতা নয়, বরং চিন্তার জগতেও এক নতুন সঞ্চার ঘটাবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

All Categories