মধ্যরাতে মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

মানিকগঞ্জে সড়কের পাশে থেমে থাকা একটি স্কুলবাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ হয়েছেন বাসচালক তাজেস খান (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাজেস খানের বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো সড়কের পাশে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন চালক তাজেস খান।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

All Categories