মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব
আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার দেশের সব তফসিলি ব্যাংকের কাছে এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বিএফআইইউর পাঠানো চিঠিতে মেঘনার ব্যাংক হিসাবের সব ধরনের কাগজপত্র, হিসাব খোলার আবেদনপত্র, ‘নো ইউর কাস্টমার’ (কেওয়াইসি) ফরম ও লেনদেনসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
এর আগে গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরায় নিজ বাসা থেকে মেঘনা আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাঁকে ডিবির হেফাজতে নেওয়া হয়।
এর পর ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানায় চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম। মামলায় মেঘনা আলম ছাড়াও ব্যবসায়ী দেওয়ান সমির ও অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৯ মার্চ ধানমন্ডির একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকে মেঘনা, দেওয়ান সমিরসহ কয়েকজন অংশ নেন। ওই বৈঠকে এক বিদেশি কূটনীতিকের কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার দাবি এবং তা আদায়ের সিদ্ধান্ত হয়। যদিও এজাহারে কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি।
এজাহারে আরও বলা হয়, আসামিদের এমন কর্মকাণ্ডে আন্তরাষ্ট্রীয় সম্পর্কে চরম বিরূপ প্রভাব পড়তে পারে।
এর আগে ভাটারা থানায় দায়ের হওয়া চাঁদাবাজির একটি মামলায় গত ১১ এপ্রিল গ্রেপ্তার হন দেওয়ান সমির।