মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব জাস্টিস আর চলবে না। অনেক হয়েছে। কারও কোনো অভিযোগ থাকলে, তা আইনের আশ্রয় নিয়ে মেটাতে হবে।
মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের সভাকক্ষে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
গণ–অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। যত দ্রুত সম্ভব অস্ত্রগুলো উদ্ধার করতে হবে।
জামিনে দাগি সন্ত্রাসীরা মুক্তি পাওয়ার বিষয়ে তিনি বলেন, অনেক বড় বড় সন্ত্রাসী জামিনে বেরিয়ে আসছে। আমাদের আরও সতর্ক হতে হবে। যদিও জামিনের বিষয়টি আদালতের, তবে আমরা বিষয়টি নিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) দৃষ্টি আকর্ষণ করছি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা একটি অরাজনৈতিক সরকার। আপনারা আমাদের কাছ থেকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পাবেন। চাকরির পোস্টিংসহ বিভিন্ন বিষয়ে অনুরোধ বা তদবির এড়ানোর চেষ্টা করছি। ওসিরা ঘুষ নেবেন না, সেটা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারে আসার পর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। কেউ আত্মীয় পরিচয়ে কোনো অনুরোধ করলে প্রথমবার চা খাওয়ান, দ্বিতীয়বার পুলিশের হাতে তুলে দিন। যদি কোনো বিষয় থাকে, আমি নিজে ফোন করব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মাদক এখন দেশের সবচেয়ে বড় সমস্যা। ১৫ হাজার বোতল ফেনসিডিল ছেড়ে দিয়ে ৫০০ বোতল উদ্ধার দেখানোর প্রবণতা বন্ধ করতে হবে।
সভায় যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।