মারা গেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী গুলশান আরা আহমেদ
জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
অভিনেত্রীর মেয়ে জাকিয়া রেজওয়ানা প্রথম আলোকে জানান, তাঁর মা চার দিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, তবে ভোরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গুলশান আরা আহমেদের মৃত্যুর খবর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রথম জানানো হয়। মাঝরাতে এক স্ট্যাটাসে লেখা হয়, "আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।" এরপর সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
গুলশান আরা আহমেদ জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেন। তিনি ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। বিশেষ করে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে তাঁর অভিনয় তাঁকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলে।
এছাড়াও মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটক ও টেলিভিশন প্রোডাকশনে তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জানাজা শেষে আজ বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর মেয়ে জাকিয়া রেজওয়ানা।