মা আমাকে বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন: বিবৃতি চট্টোপাধ্যায়

মা আমাকে বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন: বিবৃতি চট্টোপাধ্যায়

স্কুলজীবনের একটি বড় সময় মায়ের সান্নিধ্য ছাড়াই কাটাতে হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়কে। সেই অভাব এখন সময়ের সঙ্গে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। মঙ্গলবার (৮ এপ্রিল) ছিল বিবৃতির মা চিত্রা চট্টোপাধ্যায়ের জন্মদিন। মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর স্মৃতিচারণা করে এক আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘ভটভটি’ খ্যাত এই অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষে মায়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি শেয়ার করে বিবৃতি লেখেন, তাঁদের সম্পর্ক অনেকটা জনপ্রিয় কার্টুন চরিত্র ‘টম অ্যান্ড জেরি’র মতো ঝগড়া থাকলেও ভিতরে গভীর ভালোবাসা। যদিও মায়ের জন্মদিনে পেশাগত ব্যস্ততা ছিল বিবৃতির, তবুও সকালের সময়টুকু উদ্‌যাপনের জন্য রেখেছিলেন। চিত্রা দেবীর অনিচ্ছা সত্ত্বেও সকালের প্রাতরাশের সময় মাসি ও মেসোমশাইয়ের উপস্থিতিতে কাটা হয় কেক।

চিত্রা চট্টোপাধ্যায় কর্মসূত্রে দীর্ঘ সময় দেশের নানা প্রান্তে থাকলেও, রাজস্থানে শিক্ষকতার সময় পাঁচ বছর মেয়ের সঙ্গে কাটাতে পেরেছিলেন। ছোটবেলায় মা পাশে না থাকলেও তা নিয়ে কোনো অভিযোগ নেই বিবৃতির। বরং সেই না-পাওয়ার অভাবটাই তাঁকে মায়ের প্রতি আরও গভীর টান তৈরি করতে শিখিয়েছে।

২০২০ সালে বাবাকে হারানোর পর, জীবনের কঠিন সময়গুলোতে মায়ের কাছ থেকেই মানসিক শক্তি, স্বাধীনতার শিক্ষা এবং আত্মবিশ্বাসের খোঁজ পেয়েছেন বলে জানান বিবৃতি। তাঁর কথায়, “ক্যারিয়ারে যতটুকু এগিয়েছি, সবকিছুর পিছনে মায়ের নিঃশব্দ সমর্থন রয়েছে। মা ও আমার পরিবার সবসময় পাশে থেকেছে।

বর্তমানে নিজের অভিনয় জীবন ও ক্যারিয়ারেই বেশি মনোযোগী বিবৃতি। একা থাকার অভ্যেস তাঁর ছোটবেলা থেকেই, তাই তা নিয়ে কোনো অসুবিধা নেই বলে জানান। করোনা পরবর্তী সময়ে মা চিত্রা কলকাতায় ফিরে এলে দু’জনে একসঙ্গে থাকতে শুরু করেন। এখন তাঁদের সম্পর্কটা আর পাঁচটা মা-মেয়ের মতো নয়, বরং অনেকটাই বন্ধুর মতো।

ভবিষ্যতে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি? এই প্রশ্নের উত্তরে হেসে বিবৃতি বলেন, মা তো বলেই দিয়েছেন, সম্পর্কে জড়াতে না। বিয়েও না করার পরামর্শ দিয়েছেন। আপাতত আমার একমাত্র লক্ষ্য নিজের কাজ নিয়ে এগিয়ে যাওয়া। ভবিষ্যতে কী হবে, সেটা সময়ই বলবে

All Categories