লেডি গাগার কনসার্টে বোমা হামলার ছক ভেস্তে দিল ব্রাজিল পুলিশ,আটক ২
ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্রসৈকতে মার্কিন পপ তারকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার একটি পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে দেশটির পুলিশ। বিবিসি জানিয়েছে, হামলার মূল পরিকল্পনাকারী ও এক কিশোরকে আটক করা হয়েছে।
রিও ডি জেনিরো রাজ্যের সিভিল পুলিশ ও ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের যৌথ অভিযানে ‘অপারেশন ফেক মনস্টার’ নামের একটি অভিযানে হামলার পরিকল্পনার তথ্য মেলে। অভিযানে পুলিশ জানায়, অভিযুক্তরা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে খ্যাতি পাওয়ার উদ্দেশ্যে ইমপ্রোভাইজড বিস্ফোরক ব্যবহারের পরিকল্পনা করছিল। এ জন্য তারা লোকবল নিয়োগেরও চেষ্টা করেছিল।
লেডি গাগার কনসার্টটি ছিল উন্মুক্ত, যেখানে ২০ লাখেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। গাগার মুখপাত্র জানিয়েছেন, আমরা এই হুমকির বিষয়ে কনসার্টের পরদিন গণমাধ্যমের খবরে জানতে পারি। শো চলাকালে কোনও নিরাপত্তা ঝুঁকি বা হুমকির বিষয়ে পুলিশ বা কর্তৃপক্ষ কিছুই জানায়নি।
পুলিশ জানায়, হামলাকারী গোষ্ঠীটি মূলত শিশু, কিশোর এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তা ছড়াচ্ছিল। এই গোষ্ঠী কিশোর-কিশোরীদের মৌলবাদে উদ্বুদ্ধ করতে এবং সহিংসতামূলক কর্মকাণ্ডে জড়াতে উসকানি দিচ্ছিল। তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাংকেতিক ভাষা ও প্রতীকের মাধ্যমে ‘আত্মঘাতী’ ও ‘ধ্বংসাত্মক’ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল।
প্রধান অভিযুক্তকে দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুল থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আর কিশোরটিকে রিও শহর থেকে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আটক করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্তরা নিজেদের লেডি গাগার ভক্ত বলে দাবি করেছিল। গাগার ভক্তরা সাধারণত ‘লিটল মনস্টারস’ নামে পরিচিত। অভিযানের সময় রিও ডি জেনিরো, মাতো গ্রোসো, রিও গ্র্যান্ডে ডো সুল ও সাও পাওলো রাজ্যে একযোগে তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
২০১২ সালের পর এবারই প্রথম ব্রাজিল সফরে গেছেন লেডি গাগা। নিজের অষ্টম অ্যালবাম ‘মেইহেম’–এর প্রচারে তিনি এই সফরে আসেন। কনসার্টে গাগা ব্রাজিলের জাতীয় ফুটবল দলের পোশাক পরে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে শ্রদ্ধা জানান। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, তোমরা আমার জন্য ১০ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করেছো।
কনসার্টকে কেন্দ্র করে শহরজুড়ে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন ছাড়াও দর্শকদের মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। নজরদারিতে ব্যবহার করা হয় ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিও।
কনসার্টটি রিও শহরের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশা করা হচ্ছে, এতে অন্তত ১০ কোটি মার্কিন ডলারের রাজস্ব আয় হবে।