কুয়েটে শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেননি, ভিসির পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। তবে ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুয়েট ক্যাম্পাসে এসে অনশনরত শিক্ষার্থীদের কাছে সরাসরি এ অনুরোধ জানান উপদেষ্টা।
অনশনরত শিক্ষার্থীদের ভাষ্য, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। তারা বলেন, ‘আমরা আলোচনা করতে চেয়েছিলাম, তখন মামলা দিয়ে দমন করার চেষ্টা করা হয়েছে। এখন আলোচনার সময় নয়।’ শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমাদের লাশ হোক, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে। হল বন্ধ রেখে রাজপথে রাত কাটাতে হয়েছে, এখনো হল খোলা হয়নি।
শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার অবগত। একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা নিরপেক্ষ তদন্ত করবে। সেই তদন্ত নিয়ে কোনো প্রশ্নের অবকাশ থাকবে না।
অনশনরত শিক্ষার্থীদের একাধিকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। অনশনের ৪৩ ঘণ্টা পার হওয়া বেলা পৌনে ১১টার দিকে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় আটজনে। তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
শিক্ষা উপদেষ্টার সঙ্গে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার, কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার, খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াস।
এদিকে কুয়েটের চলমান পরিস্থিতি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সকাল থেকেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির প্রফেসর তানজিম আহমেদ ও প্রফেসর সাইদুর রহমান।
শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদক্ষেপ পরবর্তী সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।