কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭০ ধরনের রোগের ঝুঁকি দ্রুত শনাক্ত
সাধারণত শরীরে কোনো রোগের উপস্থিতি নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হয় এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। তবে হংকংভিত্তিক প্রতিষ্ঠান লাইভ ফর ওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে রোগের লক্ষণ প্রকাশের আগেই শরীরের ৭০ ধরনের রোগের ঝুঁকি শনাক্তের দাবি করেছে।
লাইভ ফর ওয়েলের প্রযুক্তি এক্স-রে বা সিটি স্ক্যানের মতো আয়নাইজিং রেডিয়েশন ব্যবহার না করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের অবস্থা বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগ, ফ্যাটি লিভার, অন্ধত্ব ও স্ট্রোকসহ নানা রোগের ঝুঁকি নির্ধারণে সক্ষম। এছাড়া ব্যক্তির স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে জীবনযাপন, ব্যায়াম ও পুষ্টি সংক্রান্ত পরামর্শও প্রদান করে।
২৮ অক্টোবর হংকংয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শনকালে এআইভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রতিরোধমূলক সেবার গুরুত্ব তুলে ধরা হয়। হংকং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডা. রাসেল চ্যান বলেন, ‘‘এই প্রযুক্তি মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং চিকিৎসার পাশাপাশি নিজের স্বাস্থ্য নিয়ন্ত্রণে সহায়তা করবে।’'
এই প্রযুক্তির মূল ভিত্তি বৈদ্যুতিক ইমপিড্যান্স টমোগ্রাফি (ইআইটি), যা শরীরের বিভিন্ন অংশের বৈদ্যুতিক বৈশিষ্ট্য পরিমাপ করে ত্রিমাত্রিক চিত্র তৈরি করে। চার শতাধিক রোগীর ওপর পরীক্ষায় ফুসফুস, লিভার ও কিডনির ক্ষেত্রে নির্ভুলতা ৮০ থেকে ৯৫ শতাংশের মধ্যে পাওয়া গেছে। তবে এই ফলাফল স্বাধীনভাবে যাচাইয়ের প্রয়োজন রয়েছে।
প্রতিষ্ঠানটি নিজস্ব এআই মডেল ‘মেডিলএলএম’ তৈরি করেছে, যা বিভিন্ন উৎস থেকে স্বাস্থ্য তথ্য সংগ্রহ করে ঝুঁকি বিশ্লেষণ করে এবং চিকিৎসকদের রোগ নির্ণয়ে সাহায্য করে। তবে এই প্রযুক্তি রোগের চূড়ান্ত নির্ণয় নয়, রোগ সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
বাংলাদেশে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব বাড়লেও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সীমাবদ্ধতা রয়েছে। এই ধরনের বহনযোগ্য ও কম খরচের প্রযুক্তি দেশের স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তবে প্রযুক্তিটির মূল্য, পরিচালনা ও কার্যকারিতা বিবেচনায় নিয়েই এর প্রয়োগ নিশ্চিত করতে হবে।