করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর
করাচিতে জনগণের ভোগান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন কমিশনার সৈয়দ হাসান নাকভি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।
ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) এই ধারা স্থানীয় কর্তৃপক্ষকে র্যালি, মিছিল ও অবস্থান কর্মসূচির মতো জনসমাগম এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করার ক্ষমতা প্রদান করে।
কমিশনারের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধান সড়ক, মোড় ও চত্বরে বিক্ষোভ ও সমাবেশের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং গুরুতর নিরাপত্তা উদ্বেগ দেখা দিচ্ছে।
এছাড়াও, সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, জরুরি সেবার চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং হাসপাতাল যাতায়াত সীমিত হয়ে পড়ছে। তাই করাচি বিভাগের সীমানার মধ্যে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ধরনের জমায়েত ও বিক্ষোভের ফলে নাগরিক ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হতে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি ও যানজট সৃষ্টি করতে পারে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং জননিরাপত্তা বজায় রাখতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এ প্রেক্ষিতে ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিক্ষোভ, সমাবেশ, অবস্থান কর্মসূচি, র্যালি, মিছিল বা অন্য যেকোনও জনসমাগমের আয়োজন, আহ্বান, সহায়তা ও অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।