কোটালীপাড়ায় দুই দলের সংঘর্ষে ১০ আহত, দোকান ভাঙচুরের অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার ওসি নয়ন চন্দ্র দেবনাথ।
আহতদের মধ্যে মিকাইল ইসলাম (৫২), মশিউর রহমান (৪২), এবং জায়েদ শেখ (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে একটি মিছিল নিয়ে যান। সেখানে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমান এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।
মশিউর রহমান বলেন, “আমরা মিছিল নিয়ে দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে শফিকুল ইসলাম আমাদের ওপর হামলা চালায়, এতে আমি ও অন্যরা আহত হয়েছি।” তিনি আরও অভিযোগ করেন, শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামাতের সঙ্গে জড়িত।
অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম জানান, “আমার বড় ভাই বিদেশে আছেন এবং রাজনীতিতে যুক্ত নন। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগে আছি।” তিনি জানান, “আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সেই বিরোধে আমার ওপর আগেও হামলা হয়েছে। হামলার সময় আমি ও কয়েকজন আহত হয়েছি। এছাড়া আমাদের পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে।”
ওসি নয়ন চন্দ্র দেবনাথ বলেন, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।