কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কিছু উপদেষ্টা আছেন, যারা দায়িত্বটাকে শুধু নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। কিন্তু এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে যদি ভয় পান, তাহলে তাঁদের এই দায়িত্ব নেওয়ারই দরকার নেই। যারা এমন চিন্তা করেন, তাঁদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, বাংলাদেশের মানুষ তাঁদের ধরবেই।’

মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি আরও বলেন, শাপলা প্রতীকে কোনো আইনি বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন এমন আচরণ করছে যেন তারা কোনো চাপে আছে। কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের উচিত অভ্যুত্থান-পরবর্তী স্বেচ্ছাচারিতার পথে না গিয়ে আস্থা বজায় রেখে দায়িত্ব পালন করা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, জোটবদ্ধভাবে নির্বাচন করা হবে কি না, সে বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্ত করতে নভেম্বরের মধ্যেই সব জেলা ও উপজেলা পর্যায়ের ইউনিট কমিটি গঠন করা হবে।

সারজিস আলম আরও বলেন, বাংলাদেশের ভালো মানুষরা চাইলে একত্র হয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেন। তবে আওয়ামী লীগের যেকোনো ভার্সন এখন আর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক নয়। এনসিপি এ ধরনের কোনো ধারাকে কখনোই মেনে নেবে না।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

All Categories