কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, কিছু হলেই ‘যমুনায় যাওয়ার’ প্রবণতা সহ্য করা হবে না। সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নেবে।

উপদেষ্টা মাহফুজ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, যেকোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে। কিন্তু কিছু ঘটলেই যমুনায় এসে অবস্থান নেওয়া গ্রহণযোগ্য নয়।

বৈঠকের সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সরকারের সঙ্গে আলোচনায় বসে। বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ বলেন, সরকার শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী। সহিংসতার কোনো স্থান নেই।

এর আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন উপদেষ্টা মাহফুজ। তিনি অভিযোগ করেন, একটি উদ্দেশ্যপ্রণোদিত চক্র আমার ওপর আক্রমণ চালিয়েছে। আন্দোলনকারীদের মধ্যে ঢুকে একটি পক্ষ আন্দোলনকে স্যাবোটাজ করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, যারা আমার দিকে পানির বোতল ছুড়ে মেরেছে, আমি বিশ্বাস করি তারা মূলত আন্দোলনকারী নয়। তারা কেউ কেউ রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট, তাদের খুঁজে বের করা দরকার।

All Categories