খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে ১৮ জঙ্গি নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) এবং বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার (৭ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, 'আজম-ই-ইস্তেহকাম' দর্শনের আওতায় এসব অভিযান পরিচালিত হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পাকিস্তান টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি অভিযানে 'ফিতনা আল-খাওয়ারিজ' গোষ্ঠীর ১৩ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের জন্য 'ফিতনা আল-খাওয়ারিজ' শব্দটি ব্যবহার করে।
অন্যদিকে, বেলুচিস্তানের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনী 'ফিতনা আল-হিন্দুস্তান' গোষ্ঠীর ৫ জন সন্ত্রাসীকে খতম করেছে। পাকিস্তানের সরকার বেলুচিস্তানভিত্তিক সন্ত্রাসী দলগুলোকে 'ফিতনা-আল-হিন্দুস্তান' হিসেবে অভিহিত করে, যা ভারতের সহিংসতা ও অস্থিতিশীলতার কথিত ভূমিকার প্রতি ইঙ্গিত করে। বর্তমানে ওই এলাকায় 'অপারেশন রদ্দ-উল-ফিতনা ৩' এর অধীনে তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান চলছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিকস)-এর তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে তীব্র নিরাপত্তা সংকট বিরাজ করছে। গত আগস্টে কেপি অঞ্চলে ৫৪টি সন্ত্রাসী হামলা রেকর্ড করা হয়, যা জুলাইয়ের ৩৬টির চেয়ে ৫০ শতাংশ বেশি। একই সময়ে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৯টিতে পৌঁছেছে, ফলে প্রদেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।
এর আগে চলতি মাসের প্রথম দিকে ও সেপ্টেম্বর জুড়ে উত্তর ওয়াজিরিস্তান, মির আলী, বারা, ডেরা ইসমাইল খানসহ কেপির বিভিন্ন অঞ্চলে একাধিক গোয়েন্দাভিত্তিক অভিযানে বহু সন্ত্রাসী নিহত হয়।
এছাড়া, ডিআই খানের দারাজিন্দা তহসিলে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন এবং কোহাটের ওল্ড পুলিশ লাইন্সে বড় ধরনের হামলায় ২৩ জন প্রাণ হারান। অন্যদিকে, বেলুচিস্তানের চাগাই, শাবান, আওয়ারান, জিয়ারত ক্রস ও পিশিন এলাকায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী গত কয়েক সপ্তাহে শতাধিক সন্ত্রাসীকে নির্মূল করেছে।