কেন্দ্র দখলের চেষ্টা করলেই পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো ভোটকেন্দ্র দখল হলে সেই কেন্দ্রের পুরো ভোটই বাতিল করা হবে।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসক বা পুলিশ সুপার হিসেবে আগে দায়িত্ব পালন করেছেন এমন কাউকে একই দায়িত্বে পদায়ন করার কোনো পরিকল্পনা নেই। তাঁর ভাষায়, যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন ভেঙে যাবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, সংবিধানে এমন কোনো ব্যবস্থা নেই। তাই এর বাইরে যাওয়া সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে বিতর্ক থাকলেও নির্বাচন কমিশন সে বিষয়ে অবস্থান নেবে না।

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দলটি বর্তমানে বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে তাদের নির্বাচনে অংশগ্রহণ আদালতের রায়ের ওপর নির্ভর করবে।

All Categories