কাতার বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক অর্জন করলেন আফরোজা বিনতে নুর

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের কাতারপ্রবাসী আব্দুল নুরের মেয়ে আফরোজা বিনতে নুর কাতার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক ডিগ্রির পাশাপাশি স্বর্ণপদক অর্জন করেছেন। অসাধারণ একাডেমিক ফলাফলের কারণে তাকে এই সম্মান দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ‘ডিনস লিস্টে’ সর্বোচ্চ নম্বর পাওয়ার ভিত্তিতে তার নাম স্থান পেয়েছে।

আফরোজা দীর্ঘদিন ধরে তার পরিবারসহ কাতারে বসবাস করছেন। ২০২৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফার্মেসি থেকে তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। গত ১২ নভেম্বর কলেজের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আব্দেল আলী এগুনির কাছে থেকে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদক এবং সনদ গ্রহণ করেন তিনি।

আফরোজার পিতা আব্দুল নুর জানিয়েছেন, তার মেয়ে উচ্চশিক্ষা অব্যাহত রেখে একই প্রতিষ্ঠানের ডক্টর অব ফার্মেসি (ফার্মডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন। এভাবেই তিনি ফার্মেসি বিষয়ে আরও উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান।

স্বর্ণপদক পাওয়ার অনুভূতি সম্পর্কে আফরোজা বলেন, “আমি সব সময় কঠোর পরিশ্রম করে এসেছি। পড়ালেখাই আমার একমাত্র লক্ষ্য। এই ফলাফল আমার পরিশ্রমের প্রতিফলন।” তার শিক্ষাজীবনের পূর্বের সাফল্যের কথাও তুলে ধরে তিনি জানান, কাতারের বাংলাদেশ এমএনএইচ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। ভবিষ্যতে দেশের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন আফরোজা।

বিদেশের মাটিতে তার এই সাফল্যে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং কাতার প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে আনন্দ চলছে। তার অর্জন দেশের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন সবাই।

All Categories