কাস্টমসের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সোনামসজিদ স্থলবন্দরে দ্বিতীয় দিনেও কর্মবিরতি, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মচারীরা টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়েছেন। সমস্যা মেটাতে আলোচনার কথা থাকলেও বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোনো সমাধান আসেনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কর্মসূচি শুরু হয়। দাবি না মানা পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর ফলে বন্দরে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক আটকে জট তৈরি হওয়া এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিক্ষোভ সমাবেশে কর্মচারীদের পক্ষে মো. ওয়াসিম আকরামসহ কয়েকজন বক্তব্য দেন। তাদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তারা ছোটখাটো বিষয়ে কর্মচারীদের হয়রানি করছেন, কারণ ছাড়াই কার্ড আটকে রাখছেন, ফাইল জমার পর নতুন জটিলতা তৈরি করছেন এবং আগাম ঘোষণা ছাড়াই নতুন নিয়ম চাপিয়ে দিচ্ছেন।

বক্তারা আরও বলেন, পণ্যের চালানে নিয়মের বাইরে বাড়তি কর বা জরিমানা আদায় করা হচ্ছে, কর্মকর্তাদের আচরণও অশোভন। কোনো আমদানিকারকের ২০টি ট্রাক এলে পরীক্ষার নামে সবগুলোই পানামা ইয়ার্ডের ভেতরে নিয়ে খালাসের নির্দেশ দেওয়া হয়, যার বাড়তি খরচ বহন করতে হয় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের। এসব বন্ধ করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহা. রুহুল আমীন জানান, বুধবার বিকেলে একটি সভায় বসে বিষয়টি মীমাংসার কথা ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কমিশনার উপস্থিত না হওয়ায় আলোচনা এগোয়নি, তাই কর্মসূচি চলবে।

বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, বিকেলে কমিশনারের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। তিনি নিজে বাইরে থাকায় বৈঠক হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি।

All Categories