কারিনার পর দীপিকা: ধর্মীয় বাণী খচিত গয়না নিয়ে নতুন বিতর্ক
বলিউডে ধর্মীয় বাণী ছাপানো গয়না পরিধানের প্রবণতা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু সম্প্রতি এটি নতুনভাবে বিতর্কের আলোচনায় এসেছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের পর এবার একই ধরনের গয়না পরার কারণে সমালোচনার মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার একটি পুরনো ছবি ভাইরাল হবার পর বিতর্ক ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ছবিটি ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তোলা, যেখানে দীপিকা বিচারকের ভূমিকায় ছিলেন। এই সময় তিনি বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর তৈরি পোশাকে উপস্থিত ছিলেন, যার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামে একটি রাজকীয় হার।
সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ এই হারটি মূল্যবান রত্ন এবং আনকাট হীরায় সজ্জিত ছিল। এতে আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহর নিরাপত্তায়’ লেখা ছিল। এটি ভারতীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের এক অনন্য সংমিশ্রণ। সেসময় এর বিরুদ্ধে তেমন কোনো বিতর্ক না থাকলেও, সম্প্রতি কারিনা কাপুরের ‘আয়াতুল কুরসি’ লেখা পান্নার লকেট নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র আলোচনা শুরু হয়।
দীপাবলির দিনে কারিনা ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট পরেছিলেন, যা ডিজাইনার পুনীত বালানার তৈরি এবং ভোপালের রাজপরিবারের ঐতিহ্যবাহী সংগ্রহের অংশ। লকেটটিতে পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা ছিল।
তবে ধর্মীয় বাণী খোদাই করা গয়না পরিধানের বিষয়টি নিয়ে নেটিজেনদের একাংশ আপত্তি প্রকাশ করেন। ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজের মাধ্যমে কারিনা কাপুর এবং তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে অভিযোগ করা হয় যে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সামাজিক মাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও অবিলম্বে সরাতে হবে, অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি সম্মান প্রদর্শনের নিশ্চয়তা দিতে হবে।
এ বিষয়ে এখনো কারিনা বা রিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কারিনার গয়না নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতা না কাটতেই দীপিকার পুরনো ছবি ভাইরাল হওয়ায় প্রশ্ন উঠেছে, ফ্যাশন বা স্টাইলের জন্য পবিত্র ধর্মীয় বাণী বা প্রতীক ব্যবহার করা কি নৈতিকতার সীমানা ভাঙ্গে? নাকি এটি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি সৌন্দর্যমণ্ডিত প্রকাশ? এই প্রশ্ন এখন শুধু বলিউড নয়, ভক্ত ও সমালোচকের মধ্যেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।